চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প শুরু হচ্ছে আজ
প্রশিক্ষিত ও দক্ষ স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনের ‘পঞ্চম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প’। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষিত যুবশক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে নগরের হালিশহর এলাকার সরকারি শারীরিক শিক্ষা কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে প্রায় এক হাজার যুব সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষক প্রতিনিধি ও সোসাইটির কর্মকর্তারা অংশ নেবেন।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রধান ফখরুল ইসলাম চৌধুরী লিখিত বক্তব্যে এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার, জেলা ইউনিটের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী বাহার, সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, সাফকাত জাহান, মহসিন উদ্দিন চৌধুরী, প্রাক্তন যুব প্রধান মো. বেনজির বিন ইসলাম খান, কাজী তৌফিকুল আযম, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপপ্রধান জিয়াউল কবির।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রশিক্ষণ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, একতা, বন্ধুত্ব, সৌহার্দ্য, সেবার মনোভাবসহ সব ধরনের মানবিক গুণাবলি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে এই যুব ক্যাম্প। যুবকদের মধ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
আজ থেকে ক্যাম্প শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন কাল বুধবার হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ক্যাম্পের উদ্বোধন করবেন। ক্যাম্প শেষ হবে আগামী ৪ মার্চ।