চট্টগ্রামে যুবক খুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে নয়াবাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাজুল ইসলাম ওরফে খোকন (৩২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত তাজুল নগরের সরাইপাড়া মৌসুমি আবাসিক এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত ১১টার দিকে এক বন্ধু তাজুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত দুইটার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ এখনো উদঘাটন করা যায়নি। তদন্ত চলছে বলে তিনি জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তাজুলের বড় ভাই শহীদুল ইসলাম বলেন, ‘আমার ভাই ছোটখাটো ব্যবসা করত। রাতে ভাত খেয়ে সে এক বন্ধুর সঙ্গে বের হয়ে যায়। পরে পুলিশ জানায়, তার লাশ পড়ে আছে। ওই বন্ধুটিকে আমরা কেউ চিনতে পারছি না। এটা তার নতুন বন্ধু।’