চট্টগ্রামে যুবক খুন জবানবন্দি দিয়েছেন তিনছিনতাইকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির প্রত্যাশায় চট্টগ্রামে এসে পা রাখার পরই বৃহস্পতিবার ভোরে খুন হন লক্ষ্মীপুরের যুবক মোহাম্মদ আলমগীর। এ ঘটনায় জড়িত চারজন ছিনতাইকারী গ্রেপ্তার হন। গতকাল রোববার চট্টগ্রামের আদালতে তিনজন ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন শাহ আলম ওরফে সুজন, মোহাম্মদ রাসেল, সুজন কুমার দাস ও জহিরউদ্দিন। গত বৃহস্পতিবার থেকে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা চারজনই আলমগীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

পুলিশ সূত্র জানায়, আলমগীর পেশায় রিকশাচালক। তাঁর শ্বশুর চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিক ছিলেন। কিছু দিন আগে শ্বশুর মারা যান। শ্বশুরের শূন্যস্থানে বন্দরে চাকরি নেওয়ার আশায় বুধবার রাতে লক্ষ্মীপুর থেকে রওনা হন আলমগীর। বৃহস্পতিবার ভোরে তিনি বড়পোল এলাকায় গাড়ি থেকে নামেন। এর পরই রিকশা করে বন্দরে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর দুই হাজার টাকা ছিনিয়ে নেন এবং পালানোর সময় আলমগীরকে ছুরিকাঘাত করেন। রক্তক্ষরণে আলমগীর ঘটনাস্থলে মারা যান।

ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত উপকমিশনার (এডিসি-বন্দর অঞ্চল) অনিন্দিতা বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আলমগীরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। আমরা বেওয়ারিশ হিসেবে আলমগীরের লাশটি উদ্ধার এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করি। আমরা ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হই। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’