চট্টগ্রামে যুবককে অপহরণের অভিযোগ পাঁচজন গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরে এক যুবককে অপহরণের অভিযোগে গত বুধবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ওই যুবককেও উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া যুবকেরা দাবি করেছেন, তাঁরা আনোয়ার হোসেন নামের ওই যুবককে অপহরণ করেননি, তাঁকে নিয়ে গিয়ে বিয়ের আয়োজন করছিলেন।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন সমীর সরকার (৪২), তন্ময় বড়ুয়া (২৬), বিটন বড়ুয়া (২৯), পিকলু সরকার (২৭) ও ছোটন দে (২৮)। অপহরণের ঘটনায় আনোয়ার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় ওই পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।পুলিশ জানায়, আনোয়ারকে বুধবার বেলা সাড়ে তিনটার দিকে লালদীঘির পাড় এলাকা থেকে তিন যুবক সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে চকবাজারের একটি সেলুনে নিয়ে আটকে রাখেন। তাঁর দুই আত্মীয় গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন, আনোয়ারের মুক্তিপণ হিসেবে ফোনে তিন লাখ টাকা দাবি করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের পরামর্শ অনুযায়ী তাঁরা মুক্তিপণ নিয়ে ওই যুবকদের সঙ্গে আলোচনা করে এক লাখ টাকায় রফা করেন। সেই অনুযায়ী পুলিশ ফাঁদ পাতে এবং রাত সাড়ে ১১টার দিকে চকবাজার থেকে তন্ময়সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই সেলুন থেকে আনোয়ারকে উদ্ধার এবং বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে আনোয়ারের ‘কথিত’ প্রেমিকা থাকলেও তাঁকে পুলিশ আটক করেনি। আনোয়ার নিজেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আসামিরা মুক্তিপণ দাবি করেছিল। আমরা তাদের গ্রেপ্তার করেছি। অপহূত আনোয়ারের সঙ্গে ওই মেয়ে কী করেছে, তা আমাদের ধর্তব্যের মধ্যে পড়ে না।’