চট্টগ্রামে যুবকের অস্বাভাবিক মৃত্যু
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন হাজারী গলির স্বর্ণালংকার তৈরির একটি কারখানার সাবেক কর্মচারী প্রিয়ম আচার্য (২২) নামের একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে শুক্রবার দিবাগত রাতে। তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।হাজারী গলির মিঞা শপিং কমপ্লেক্স নামের একটি মার্কেটে শুক্রবার রাতে প্রিয়ম আচার্যের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। আর কারখানার মালিক পিন্টু ধর এই নির্যাতন চালান বলে অভিযোগ পাওয়া গেছে।প্রিয়ম আনোয়ারা উপজেলার কল্যাণপুরা গ্রামের উত্তম আচার্যের ছেলে বলে জানা গেছে। নগরের আকবর শাহ থানাধীন কর্নেলহাট ধোপাপাড়া এলাকায় বাবলুর বাসায় তিনি ভাড়া থাকতেন বলে জানা গেছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রিয়মের সঙ্গে তাঁর মালিকের লেনদেনের ব্যাপারস্যাপার ছিল বলে আমরা শুনেছি। এ কারণে প্রিয়মকে ডেকে এনে উত্তম-মধ্যম দেওয়া হতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন আছে। পিটিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’পুলিশ সূত্র জানায়, প্রিয়ম আচার্য হাজারী গলিতে পিন্টু ধরের স্বর্ণালংকার তৈরির কারখানায় কাজ করতেন। পরে তাঁকে দোকান ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর দোকানের সবকিছু প্রিয়মের নিয়ন্ত্রণে ছিল। এই সুযোগে মাস তিনেক আগে দোকান থেকে প্রায় তিন লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে প্রিয়ম পালিয়ে যান বলে অভিযোগ ওঠে।পুলিশ সূত্র আরও জানায়, শুক্রবার সন্ধ্যায় পিন্টু ধর তাঁর এক বন্ধুর মাধ্যমে প্রিয়মকে নগরের কৈবল্যধাম মন্দির এলাকা থেকে হাজারী গলির কারখানায় ডেকে আনেন। ওই সময় প্রিয়মের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, প্রিয়মকে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মারধরের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নিবন্ধন বইতে উল্লেখ রয়েছে।