চট্টগ্রামে যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালা মিয়ার বাজার এলাকার বির্জা খাল থেকে গতকাল রোববার সন্ধ্যায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. সোহেলের (২৫) গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি নগরের কালা মিয়ার বাজার এলাকায় তাঁর বাবার ঝুটের দোকানে বসতেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি সোহেল। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে তাঁর বাবা মোবারক হোসেন বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত রোববার সন্ধ্যার আগে কয়েকজন পথশিশু কালা মিয়ার বাজার এলাকার বির্জা খালে একটি বস্তা দেখতে পায়। পরে তারা বস্তাটি খুলে ভেতরে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ফুলে যাওয়া লাশটি উদ্ধার করে। পরে মোবারক হোসেন লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন।
মোবারক হোসেন বলেন, তাঁর ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতার কথা তাঁর জানা নেই। কারা তাঁর ছেলেকে হত্যা করেছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি জানান, তাঁর ছেলে মৃগীরোগী ও কিছুটা মানসিক ভারসাম্যহীন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত করা হবে। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।