চট্টগ্রামে যুবদল নিয়েও কোন্দল প্রকাশ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিরোধ না কাটতেই এবার যুবদলে কোন্দল দেখা দিয়েছে। গত মঙ্গলবার নগরের চার থানা ও ইউনিট যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর কোন্দল তীব্র হয়। তবে কমিটি বিলুপ্তির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন দলীয় নেতারা।
দলীয় সূত্র জানায়, প্রায় দেড় যুগ আগে নগরের থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি হয়। ওই কমিটিগুলোর বেশির ভাগ নেতা এখন আর যুবক নন। অনেকে এখন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কেউ কেউ আবার নগরের বিভিন্ন থানা কমিটির বিএনপির দায়িত্বশীল পদেও অধিষ্ঠিত আছেন বলে জানা গেছে। এই অবস্থায় গত মঙ্গলবার নগর যুবদলের সভাপতি কাজী বেলাল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন। এ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
নগর যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম মহানগর যুবদলের কোনো কমিটি নেই। নগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয়ে যাঁরা থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন, কে তাঁদের এই অধিকার দিয়েছে?’
আবুল হাশেম আরও বলেন, ‘বছর দুয়েক আগে কাজী বেলালকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম নগর যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এ ঘোষণার তিন ঘণ্টা পরই কমিটি স্থগিত করা হয়। তাই বেলাল ও মোশাররফ তো যুবদলের কোনো দায়িত্বে নেই।’
প্রসঙ্গত, ২০১১ সালের ২০ নভেম্বর যুবদলের নগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর তা স্থগিত করা হয় বলে প্রচারণা রয়েছে। তাই গত ২২ মাসে কমিটির ব্যানারে বড় কোনো কর্মসূচি পালন হতে দেখা যায়নি। তবে গত মঙ্গলবার নগর যুবদলের ব্যানারে বিশাল সমাবেশ ও মিছিল বের হয়।
চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘যুবদলের কমিটি স্থগিতের অভিযোগ সঠিক নয়। সংগঠনকে নতুন করে সাজাতে আমরা দায়িত্ব নিয়ে পুরোনো কমিটি বিলুপ্ত করেছি।
চট্টগ্রামের জ্যেষ্ঠ নেতা মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ সবার সম্মতিতে আমরা থানা ও ওয়ার্ড কমিটি গঠন করব। ত্যাগী নেতাদের কেউ বাদ পড়বেন না।’
দলীয় সূত্র জানায়, প্রায় দেড় যুগ আগে চট্টগ্রাম মহানগর এলাকায় ছয়টি থানার কার্যক্রম ছিল। এখন নগরে ১৬টি থানা রয়েছে। তাই নতুন করে ১৬টি থানা ও ওয়ার্ড কমিটি গঠনের অংশ হিসেবে পুরোনো কমিটি বিলুপ্ত করা হয়। নগর যুবদলের এই কমিটিকে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সমর্থন দিচ্ছেন বলে জানা গেছে। একইভাবে নগর ছাত্রদলের যে কমিটি গঠিত হয়েছে, সেটাকেও শাহাদাৎ হোসেন সমর্থন দিচ্ছেন।