চট্টগ্রামে যুবদল নেতা গ্রেপ্তার, রোববার হরতাল
কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবুল হাশেম বক্করকে আজ বুধবার সকালে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এর প্রতিবাদে আগামী রোববার চট্টগ্রাম নগরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মহানগর বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ হরতাল ঘোষণা করেন।
সকাল সোয়া নয়টার দিকে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বক্করকে গ্রেপ্তার করে র্যাব-৭-এর একটি গোয়েন্দা দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৭-এর জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সকালে এনায়েত বাজারের বাড়ি থেকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন বক্কর। এ সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সুজ্ঞান চাকমার ভাষ্য, বক্করের বিরুদ্ধে নগরে হরতাল ও বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।