চট্টগ্রামে যুবদলের আলাদা কর্মসূচি
বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে ‘হয়রানি করার’ প্রতিবাদে চট্টগ্রামে যুবদলের বিবদমান দুটি পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয় নাসিমন ভবনে সকালে ও বিকেলে দুই পক্ষ আলাদা এই কর্মসূচি পালন করে। গতকাল সকালে বিক্ষোভ করেন মহানগর যুবদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের অনুসারীরা। বিকেলে একই জায়গায় বিক্ষোভ করেন নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেমের অনুসারীরা। বিএনপির জাতীয় নেতাসহ কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং পুলিশি হয়রানির প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টার বিক্ষোভ সমাবেশে মোশাররফ হোসেন বলেন, ‘সরকারের লোকজন বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছে। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ দানা বেঁধে উঠলে সরকার দিশেহারা হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দেয়। পুলিশ লেলিয়ে দিয়ে নেতাদের হয়রানি করতে থাকে। তবে পুলিশ দিয়ে আন্দোলন দমানো যাবে না।’ মোশাররফ হোসেনের ডাকা সমাবেশে ছাত্রদলের বেশির ভাগ নেতা-কর্মী অংশ নেন। মোশাররফ নগরের রাজনীতিতে বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। এদিকে বিকেলে নাসিমন ভবন চত্বরে আরেকটি সমাবেশে বক্তৃতা করেন যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম, ইয়াছিন চৌধুরী ও শাহেদ বক্স। পরে তাঁরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সমাবেশে আবুল হাশেম দমন-পীড়নের জন্য সরকারের কঠোর সমালোচনা করেন। আবুল হাশেম নগরের রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন।