চট্টগ্রামে যুবদলের একাংশের মিছিল ও সমাবেশ
খালেদা জিয়ার রোডমার্চ কর্মসূচির সমর্থনে এবং তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম নগর যুবদলের একাংশ গতকাল সোমবার নগরে মিছিল-সমাবেশ করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত ও নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম গতকালের কর্মসূচির নেতৃত্ব দেন।দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরের সমাবেশে আবুল হাশেম বলেন, চট্টগ্রামে রোডমার্চের কর্মসূচি থেকে খালেদা জিয়া সরকার পতনের ঘোষণা দেবেন। এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাই তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে তাঁকে কোণঠাসা করার চেষ্টা করছে সরকার। যুবদলের দ্বন্দ্ব ও পাল্টাপাল্টি কর্মসূচি প্রসঙ্গে আবুল হাশেম বলেন, যুবদলের কমিটি স্থগিত করা হয়েছে। এ জন্য খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যুবদলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকেরও হস্তক্ষেপ কামনা করছি। পরে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।