চট্টগ্রামে যুবদলের কর্মসূচিতে একসঙ্গে নোমান-মীর নাছির
চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে দুই মেরুতে অবস্থান নেওয়া কেন্দ্রীয় দুই নেতা গতকাল বুধবার বিকেলে একসঙ্গে মিছিল-সমাবেশ করেছেন। যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯০-এর দশক থেকে চট্টগ্রাম বিএনপিতে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও আবদুল্লাহ আল নোমানের মধ্যে দ্বন্দ্ব ছিল। নগর বিএনপিতে নাছির ও নোমান-সমর্থক বলে দুটি পক্ষ ছিল। গত বছর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে নগর কমিটির আহ্বায়ক করার পর এ দুজনের মধ্যে দূরত্ব কমে আসে। গতকাল একসঙ্গে তাঁরা যুবদলের কর্মসূচিতে অংশ নেন। তাঁদের উপস্থিতির কারণে জেলা পরিষদ চত্বরের সমাবেশে বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মীকে অংশ নিতে দেখা যায়। পরে তাঁদের নেতৃত্বে নগরে একটি বিক্ষোভ মিছিল হয়।চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সহ-সম্পাদক এ এম নাজিমউদ্দিন, সদস্য মাহবুবুর রহমান এবং নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।সমাবেশে সাবেক মন্ত্রী নোমান সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে বাধ্য করা হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তিনি বলেন, দেশে আজ আইনের শাসন ও গণতন্ত্র হুমকির মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্ট বেড়ে গেছে। সরকার-সমর্থক সন্ত্রাসীরা হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত। এ অবস্থা থেকে জনগণ মুক্তি চায়। তাই খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দেবেন, তার জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির সরকারের সমালোচনা করে বলেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই। সরকার বিরোধী দলকে দমনের জন্য কাজ করছে। বিএনপিকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী বেঁচে থাকতে সরকারের নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সমাবেশ শেষে নোমান ও নাছিরের নেতৃত্বে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরের লালদীঘি ময়দান থেকে কোতোয়ালি মোড় হয়ে স্টেশন রোড, বাটালী রোড ঘুরে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে গিয়ে শেষ হয়।