চট্টগ্রামে যুবলীগ নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির মুরাদ খুনের ঘটনায় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও তিনজনের পরিচয় পেয়েছে পুলিশ। এই ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খুলশী থানায় কোনো মামলা হয়নি।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম রিয়াদ। তাঁর কাছ থেকে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কয়েক মিনিট পরই নগরের আমবাগান এলাকা থেকে ক্ষুব্ধ জনতা রিয়াদকে ধরে পুলিশে সোপর্দ করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পাশের একটি ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করেছে। তবে হত্যাকাণ্ডে ধারালো কিরিচ ব্যবহার করে সন্ত্রাসীরা।
পুলিশ সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে মুরাদ খুন হন। প্রতিপক্ষের যুবকেরা গত সোমবার রাত পৌনে ১২টার দিকে খুলশী থানাধীন আমবাগান রেলক্রসিং এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করেন। হত্যাকারীরা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে এই ঘটনা ঘটান বলে পুলিশ নিশ্চিত হয়েছে।