চট্টগ্রামে যুবলীগ নেতার বিরুদ্ধে অপহরণ ও ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসায় গত সোমবার দুপুরে সন্ত্রাসীরা ভাঙচুর চালিয়ে বাড়ির মালিককে উঠিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত অপহূত বজলুল কাদের চৌধুরীর (৪২) খোঁজ মেলেনি।
এ ঘটনার পর সোমবার বিকেলেই পরিবারের পক্ষ থেকে পুলিশে লিখিত অভিযোগ করা হয়। এরপর ওই দিন গভীর রাতে মামলা দায়ের করা হয়। মামলায় যুবলীগ নেতা মশিউর রহমান ওরফে দিদারকে ১ নম্বর আসামি করা হয়। এ ছাড়া ফিরোজ, মো. মিঠু, মো. সেলিমসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
জায়গাসংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। মশিউর নবগঠিত নগর যুবলীগ কমিটির সদস্য।
স্থানীয় সূত্র জানায়, গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটির ৮ নম্বর সড়কে বজলুল কাদের চৌধুরী ও তাঁর ভাইবোনদের একটি বাড়ি রয়েছে। ওই বাড়ি নিয়ে ইস্পাহানি গ্রুপের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের সুযোগ নিয়ে স্থানীয় যুবলীগ নেতা মশিউর রহমান ও তাঁর অনুসারীরা বজলুলদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ।
বজলুলের বোন সাহিদা আকতার অভিযোগে বলেন, ‘আমরা ঘরের কোনো কাজ করতে গেলে মশিউর চাঁদা দাবি করেন। সোমবার বেলা দেড়টার দিকে মশিউরের অনুসারী ১৫-২০ জন সন্ত্রাসী এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ভাঙচুর শুরু করে। ভাঙচুরে বাধা দিলে আমার ভাই বজলুলকে মারধর করে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে মশিউর আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিল।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, ভাঙচুরের আলামত পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ ব্যক্তির খোঁজ এখনো পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মশিউরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযোগ সম্পর্কে মশিউর রহমান বলেন, ‘এলাকায় কে জানি একটি অবৈধ ঘর তুলছে। সেখানে গিয়ে কিছু ছেলে হাঙ্গামা করেছে বলে অভিযোগ করছে। কাকে নাকি অপহরণ করা হয়েছে। বলা হচ্ছে ওরা আমার ছেলেপেলে। এটা পুরোটা মিথ্যা কথা।’ অপহরণের বিষয়টা ভিত্তিহীন বলে মশিউর উড়িয়ে দেন।