চট্টগ্রামে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, দোকান লুটপাট
চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজারে যুবলীগের নেতা হাসান মুরাদ ও দিদারুল আলমের পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
নগর আওয়ামী লীগের সদ্য মনোনীত সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সংবর্ধনা সভার বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই সংঘর্ষ হয়। দুই পক্ষই নাছিরের অনুসারী।
একই দিন রাত নয়টার দিকে ছাত্র ও যুবলীগ নগরের ঘাটফরহাদ বেগ খলিফাপট্টি এলাকায় একটি দোকানে লুটপাট ও ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ১০ জনকে আটক করে পুলিশ। পরে নগর আওয়ামী লীগের নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী তাঁদের জন্য তদবির করেন বলে অভিযোগ পাওয়া গেছে। হাসনীও নাছির উদ্দিনের অনুসারী।
নবগঠিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সংবর্ধনা সভায় নাম ঘোষণা নিয়ে হাসান মুরাদ ও দিদারুল আলমের পক্ষের মধ্যে ঝগড়া হয়। নগরের রেলস্টেশন চত্বরে শুক্রবার বিকেলে এই সংবর্ধনা সভা ছিল। এই ঘটনার জের ধরে রাতে ফিরিঙ্গি বাজার এলাকায় দুই পক্ষ পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুজনকে ছুরিকাঘাত করা হয়। আহত রাশেদসহ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম। রাশেদ যুবলীগ নগর কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লবের অনুসারী। চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য হাসান মুরাদ বলেন, এলাকায় যুবলীগ নামধারী দুলাল ও তাঁর সহযোগীরা তাঁর কর্মীদের ওপর হামলা করেছে। দুলাল অস্ত্র মামলার আসামি। তাঁরা দিদারুল আলমের অনুসারী। কোতোয়ালি থানার এসআই উৎপল বড়ুয়া বলেন, সন্ধ্যা সাতটার দিকে ফিরিঙ্গি বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি শুনেছেন।
দোকান লুটপাটের অভিযোগ: চট্টগ্রাম নগরের খলিফাপট্টিতে ছাত্র ও যুবলীগ নামধারী কিছু সন্ত্রাসী ফয়সাল গার্মেন্টস নামের একটি তৈরি পোশাকের দোকানে লুটপাট ও ভাঙচুর করে। এ সময় দোকানের ১৫ লাখ টাকার সামগ্রী লুট হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়। দোকানের মালিক সিরাজ বাবুল কোতোয়ালি থানায় মামলাটি করেন। সিরাজ অভিযোগ করে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে বন্ধ দোকানটি ভাঙচুর ও লুটপাট করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে। আটককৃতরা প্যানেল মেয়র হাসনীর অনুসারী বলে জানান বাবুল। কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, ভাঙচুরের সময় পুলিশ ১০ জনকে আটক করেছে।