চট্টগ্রামে যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রীর অপসারণ ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়ে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, দেশের বেশির ভাগ সড়কের অবস্থা বেহাল। সড়ক অব্যবস্থাপনার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ই দায়ী। কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর, সিপিবির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশ, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস পপি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রতন রায় প্রমুখ। স্বাভাবিক মৃত্যুর নিরাপত্তা দাবি করে বক্তারা বলেন, যোগাযোগমন্ত্রী সড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পরও ক্ষমতা আঁকড়ে আছেন। দেশের মানুষ তাঁর পদত্যাগ দাবি করছে। এ অবস্থায় তাঁর সরে দাঁড়ানো উচিত। সমাবেশ থেকে বক্তারা যোগাযোগমন্ত্রী পদত্যাগ অথবা তাঁকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সংহতি জানান।