চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযানে গতকাল শনিবার রাতে ৫৭ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, ভাঙচুর, নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

এঁদের মধ্যে সাতকানিয়ায় ২৬, লোহাগাড়ায় ১৫ ও সীতাকুণ্ড থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা সবাই বিএনপি-জামায়াতের কর্মী।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর ওয়ালিদ প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের আমিরাবাদে অভিযান চালিয়ে নাশকতার মামলার ১৬ জন আসামিকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে গান পাউডার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া সাতকানিয়া ও লোহাগাড়া থানা কর্তৃপক্ষও আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, নগরের কোতোয়ালি সিরাজদ্দৌলা রোড এলাকায় গতকাল গভীর রাতে একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে চালক নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রথম আলোকে জানান কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ।

আজ সকাল থেকে এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। শহরের ভেতরে যান চলাচলের সংখ্যাও তুলনামূলক কম।