গীতাঞ্জলির ইংরেজি সংস্করণ সঙ অফারিংস তৎকালীন ইউরোপবাসীকে নতুন করে সত্য ও সুন্দরের পথ দেখিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যগ্রন্থ সাম্প্রতিককালে বিশ্ববাসীর কাছে আবারও প্রাসঙ্গিক হয়ে এসেছে।রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী সঙ অফারিংস কাব্যগ্রন্থ প্রকাশের শতবর্ষ উপলক্ষে রক্তকরবী আয়োজিত রবীন্দ্রসংগীতের আসরে বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উদয়শঙ্কর দাশের গ্রন্থনা ও পরিকল্পনায় এবং শীলা মোমেনের পরিচালনায় এই সংগীত আসর অনুষ্ঠিত হয়। গীতাঞ্জলির বিভিন্ন গান নিয়ে সাজানো এই সংগীত আসরে গান করেন লাকী দত্ত, সোমা রায়, শুভ্রতা দাশ, মৃত্তিকা সহিতা, সত্যজিৎ ঘোষ সহ রক্তকরবীর ১০ জন শিল্পী। গানের পাশাপাশি আবৃত্তি করেন উদয়শঙ্কর দাশ ও শুভ্রতা দাশ। নাচ পরিবেশন করেন তামান্না রহমান।সংগীত আসর শুরু হওয়ার আগে গীতাঞ্জলি ও সঙ অফারিংস নিয়ে আলোচনা করেন অধ্যাপক আবুল মনসুর, রক্তকরবীর পরিচালক শীলা মোমেন ও ফেরদৌস আরা আলীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাশেদ হাসান।