চট্টগ্রামে রঙের কারখানায় আগুন আহত ৬
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকায় গতকাল বৃহস্পতিবার এলিট পেইন্ট নামের রং তৈরির কারখানায় আগুন লেগেছে। এ সময় কারখানার ছয়জন শ্রমিক-কর্মচারী আহত হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।আহত ছয়জন হলেন রূপম (২৮), বেলাল (২০), সাদ্দাম (১৮), সোহেল (২৬), রূপচান (৩৫) ও সমর দত্ত (৫০)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি গাড়ি ঘটনাস্থলে যায় এবং দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে সূত্রপাত হওয়া এই আগুনে প্রতিষ্ঠানটির পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে বায়েজিদ থানার পুলিশ জানায়, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও উদ্ধার তৎপরতায় অংশ নেয়।বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, কারখানায় উৎপাদিত গরম রং ছিটকে পড়ে তাঁরা আহত হন। আহত ওই ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।