চট্টগ্রামে রড চুরির সময় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলীর হাজিক্যাম্প থেকে গোয়েন্দা পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে ১৪ টন রডসহ দুজনকে গ্রেপ্তার করেছে। প্রায় সাত লাখ টাকা দামের রতনপুর স্টিলের এসব রড ঢাকার একটি প্রতিষ্ঠানের জন্য পাঠানো হচ্ছিল।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আরজু (২২) ও রাজীব (২৩)। তাঁদের সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে বলে তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। রডবোঝাই ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।জানা গেছে, নগরের বায়েজিদ এলাকার রতনপুর স্টিল কারখানা থেকে গত সোমবার এক ট্রাক লোহার রড ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু ট্রাকচালক ট্রাকটি নিয়ে পাহাড়তলী হাজিক্যাম্পের নির্জন স্থানে ঢুকে পড়েন। পরে সেখানে চোরচক্রের সঙ্গে যোগসাজশে এসব রড খালাস করা হয়। এ প্রসঙ্গে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় রডসহ অন্যান্য মালামাল পাঠানোর সময় অনেক পণ্য খোয়া যায়। ট্রাকচালকের সঙ্গে যোগসাজশে তাঁরা পথে এসব পণ্য খালাস করে নিতেন।