চট্টগ্রামে রড বহনকারী ট্রাকমালিকদের ধর্মঘট শুরু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনার প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে ধর্মঘট পালন করছেন রড পরিবহনকারী ট্রাকমালিকেরা। আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির ব্যানারে এই ধর্মঘট হচ্ছে। জানা গেছে, ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে দেশের নানা প্রান্তে রড পরিবহন বিঘ্নিত হয়েছে। তবে ট্রাকে করে অন্যান্য পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক আছে। ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সহসভাপতি আবু মোজাফফর গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, রডবোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা বন্ধ করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া না হলে ধর্মঘট অব্যাহত থাকবে। ধর্মঘট সফলভাবে পালিত হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সামপ্রতিক সময়ে রডবোঝাই ট্রাকে ডাকাতি, চালককে মারধর ও খুনের মতো ঘটনা বেড়ে গেছে। প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত এই ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে তিনি জানান।ট্রাকমালিকদের সংগঠন সূত্রে জানা গেছে, সংগঠনে প্রায় ৮০০ সদস্যের প্রায় আট হাজার ট্রাক রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক রড পরিবহন করে দেশের নানা প্রান্তে নেওয়া হয়।