চট্টগ্রামে রপ্তানির পণ্য চুরির সঙ্গে জড়িত আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনার ভর্তি রপ্তানির তৈরি পোশাক চুরির সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার গভীর রাতে চট্টগ্রাম নগরের নয়াবাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ প্রায় ২০ লাখ টাকার ৩৫১ কার্টন জিনসের প্যান্ট, একটি কাভার্ড ভ্যান ও চুরির কাজে ব্যবহূত দুটি মোটরসাইকেল আটক করে।পুলিশ সূত্র জানায়, সাভারের কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের এই তৈরি পোশাক চট্টগ্রাম বন্দরে জাহাজীকরণের জন্য পাঠানো হয়। এগুলো যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়ার কথা। জাহাজে ওঠানোর আগে এগুলো পতেঙ্গায় কনটেইনার ডিপো এসএপিএলে রাখার কথা ছিল।সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জুয়েল জমাদ্দার (৩০), কাভার্ড ভ্যানের চালক মো. মঞ্জু (৩৫), আনোয়ার হোসেন (৩৮), মো. মামুনুজ্জামান (৩৪), মো. শামছুল আলম (৩৫), জয়নুল আলম (৩২), মো. মুন্না (৩০) ও চালক জাহেদ (২৫)। এঁদের মধ্যে জুয়েল এ চক্রের প্রধান। তাঁর বাড়ি ফরিদপুর এলাকায় বলে জানা গেছে। জুয়েল পাঁচ বছর ধরে কনটেইনারের মালামাল চুরির সঙ্গে জড়িত। লরির চালক থেকে তিনি আজ বিত্তশালী।চোর চক্রের প্রধান জুয়েল জানান, ‘ঢাকা থেকে মালামাল জাহাজীকরণের জন্য পাঠানোর পর আমরা মহাসড়কে কনটেইনার ভেঙে কিছু সরিয়ে ফেলি। কনটেইনার ভাঙার জন্য আমাদের চৌকস সদস্য আছে। চালকও আছে, যাদের সহায়তা নিয়ে আমরা মালামাল চুরি করি।’অভিযানে অংশ নেওয়া মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, জুয়েল ২০০৫ সালে কনটেইনারের মালামাল চুরি শুরু করে। তাঁর দুটি লরি (কনটেইনার পরিবহনের গাড়ি) আছে। ২০০৫ সালে চুরির পেশায় আসার আগে তিনি লরির চালক ছিলেন। তাঁর নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, সাভার থেকে তৈরি পোশাকবাহী একটি কাভার্ড ভ্যান জাহাজীকরণের জন্য চট্টগ্রামে আসছিল। এ সময় চালক জাহেদের সঙ্গে চোর চক্র যোগসাজশ করে গাড়িটি ইপিজেডের দিকে নিয়ে যায়। সেখানে কাভার্ড ভ্যানের সিলগালা ভেঙে কার্টন থেকে জিনস প্যান্ট চুরি করে অন্য একটি কাভার্ড ভ্যানে ঢোকানো হচ্ছিল। এরপর মূল কাভার্ড ভ্যানটি সিলগালা করে জাহাজীকরণের জন্য এসএপিএল ডিপোতে পাঠানো হয়। এ কাজের জন্য চালক জাহেদকে দুই লাখ টাকা দেওয়া হয়।পুলিশ জানায়, চোরাই পণ্যভর্তি কাভার্ড ভ্যানটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় চোর চক্র। দুটি মোটরসাইকেল কাভার্ড ভ্যানটিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ শনিবার রাত আড়াইটার দিকে পাহাড়তলী থানার নয়াবাজার এলাকায় গাড়িটি আটক করে। এ সময় চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আগের গাড়ির চালক জাহেদ ও সিলগালা খোলায় বিশেষজ্ঞ মুন্নাকে গ্রেপ্তার করা হয়।