চট্টগ্রামে রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
চট্টগ্রামের শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শুক্রবার সকালে রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় আন্তস্কুল, আন্তকলেজ ও আন্তবিশ্ববিদ্যালয়—এ তিন পর্যায়ে চট্টগ্রামের ২১টি বিদ্যালয় এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ১২টি কলেজ এবং সারা দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।‘সব পথ পেরিয়ে, শত বাধা এড়িয়ে, লক্ষ্য খুঁজতে চাই...’ এ স্লোগান সামনে রেখে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন দৃষ্টির প্রতিষ্ঠাতা উপদেষ্টা সুফি আহমদ ভূঁইয়া, ইস্পাহানি পাবলিক কলেজের সাবেক অধ্যক্ষ হাসিনা জাকারিয়া, পটিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদা খানম, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহান আরা বেগম, সাংবাদিক ওমর কায়সার।দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবির মহাব্যবস্থাপক সোহেল আহমেদ। আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবের শাহ, অনুষ্ঠান সম্পাদক মুজিবুর রহমান ও দপ্তর সম্পাদক সাইফুদ্দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী, প্রীতিলতা ওয়াদ্দেদার ও কবি বেগম সুফিয়া কামালের শততম জন্মবার্ষিকীকে স্মরণ করে তাঁদের স্মৃতির উদ্দেশে এবারের প্রতিযোগিতা উৎসর্গ করা হয়। উদ্বোধনী পর্বে রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী ঊর্মি আচার্য, প্রীতিলতার জীবনী পাঠ করেন বনকুসুম বড়ুয়া ও সুফিয়া কামালের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী।