
চট্টগ্রামে রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
চট্টগ্রামের বিতর্ক সংগঠন দৃষ্টি এই প্রতিযোগিতার আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় স্কুলপর্যায়ে ৩৬টি দল, কলেজ পর্যায়ে ১২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৪টি দল অংশগ্রহণ করছে। ৩০ আগস্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী বক্তৃতায় মাহফুজ আনাম তরুণ বির্তাকিকদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেক মুহূর্তকে সুন্দর-অসুন্দরের মধ্যে ভাগ করো। সুন্দরের দিকে আকৃষ্ট হও। তোমার হাতে থাকা সময়ের মূল্য উপলব্ধি করতে হবে। সময়ের মূল্য দিলে অপব্যয় হবে না। জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করার প্রয়াস থাকতে হবে। তাহলে জীবন সৌন্দর্যে পরিপূর্ণ হবে।’
মাহফুজ আনাম বলেন, চিন্তার ধারাবাহিকতা থাকতে হবে। মুক্তবোধের আলোকিত চেতনায় বড় হতে হবে। তোমার বোধ যেন অন্য কাউকে আঘাত না করে, হেয় না করে। বোধের মুক্তি ও চেতনার মুক্তির মধ্য দিয়ে কর্মের মুক্তির দিকে যেতে পার তোমরা।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ ওয়াশিকা আয়েশা খান বলেন, ‘আমি বক্তৃতা দিতে আসিনি। ভবিষ্যতের সাংসদ, বিচারপতি, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলীদের দেখতে এসেছি। যারা এই দেশকে তাদের মেধা ও মনন দিয়ে এগিয়ে নেবে। দেশকে এগিয়ে নিতে হলে যৌক্তিক মানুষের প্রয়োজন আছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির চিফ করপোরেট অফিসার মতিউল ইসলাম নওশাদ, দৃষ্টির সভাপতি মাসুদ বকুল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন দৃষ্টির যুগ্ম সম্পাদক সাবের শাহ ও সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মুন্না।
অনুষ্ঠানে আলোচনা সভার শুরুতে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে।