চট্টগ্রামে রবির সেরা ছয় খুচরা বিক্রেতা পুরস্কৃত
চট্টগ্রাম অঞ্চলের সেরা ছয় খুচরা বিক্রেতাকে পুরস্কৃত করেছে দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।গতকাল রোববার দুপুরে নগরের আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে অবস্থিত রবির আঞ্চলিক কার্যালয়ে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মোটরসাইকেল, ল্যাপটপ ও টেলিভিশন তুলে দেন রবির চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রবির চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক (প্রযুক্তি) সোহেল আহমেদ, মহাব্যবস্থাপক (বিএসএস) সাজিদ ইকবাল প্রমুখ। চট্টগ্রাম নগর ও গ্রামভিত্তিক দুই অঞ্চলে তিনজন করে মোট ছয়জন খুচরা বিক্রেতাকে পুরস্কার দেওয়া হয়। ‘মেট্রো রিটেইলার’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে বাপ্পী স্টোর। এ বিভাগে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে আহমেদ স্টোর ও তারেক টেলিকম। ‘রুরাল রিটেইলার’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে আকবর টেলিকম, দ্বিতীয় জনি টেলিকম ও তৃতীয় আলাউদ্দিন টেলিকম।