চট্টগ্রামে রমজানে ওয়াসার নিয়ন্ত্রণকক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে পানিসংকট বিষয়ে গ্রাহকদের অভিযোগ সমাধানের জন্য তিনটি নিয়ন্ত্রণকক্ষ খুলেছে চট্টগ্রাম ওয়াসা। সুষ্ঠু পানি সরবরাহ নিশ্চিত করতে গঠন করা হয়েছে সাতটি তদারকি দল (ভিজিল্যান্স টিম)। এ ছাড়া বিতরণ লাইনের লিকেজ দূর করার পাশাপাশি পানি সরবরাহের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ওয়াসা।
চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম রোজা থেকে দিনে ও রাতে দুটি করে তদারকি দল কাজ করবে। ইফতার, সেহ্রি ও জুমার নামাজের সময় জরুরি বিবেচনায় বিনা মূল্যে বিভিন্ন মসজিদ ও এলাকায় পানিবাহী গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করা হবে।
ওয়াসা সূত্রে জানা গেছে, দামপাড়া, আগ্রাবাদ ও জুবিলী রোড এলাকায় তিনটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। দামপাড়া প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষে ০৩১-৬১৬২৯২, আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষে ০৩১-৭২৪৮৭৫ ও জুবিলী রোড নিয়ন্ত্রণকক্ষে ০৩১-৬১৬৭৬৮ নম্বরে ফোন করে গ্রাহকেরা তাঁদের অভিযোগ জানাতে পারবেন। এ ছাড়া লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে পানি উৎপাদন যাতে ব্যাহত না হয়, সে কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ চেয়ে বিদ্যুৎ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।
ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশ প্রথম আলোকে জানিয়েছেন, ছোট-বড় মিলিয়ে এ বছর আটটি গভীর নলকূপ খনন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি অতিসম্প্রতি খনন করা হয়েছে। এর মাধ্যমে পবিত্র রমজান মাসে প্রায় এক কোটি লিটার পানি যোগ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, চট্টগ্রামে পানির চাহিদা দৈনিক গড়ে ৫২ কোটি লিটারেরও বেশি। ওয়াসা বর্তমানে এর এক-তৃতীয়াংশ সরবরাহ করতে পারছে।