কাউন্টারে প্রায় ৪৫ মিনিট ধরে ৫০-৬০ জন যাত্রী গাড়ির অপেক্ষায় আছে। কিন্তু কোনো বাসের দেখা নেই। একটি বাস আসামাত্রই সবাই হুড়মুড় করে ছুটল। ততক্ষণে বাসের আসন ভরে গেছে। তবু বাদুড়ঝোলা হয়ে বাড়ির উদ্দেশে ছুটছে। কারণ, ইফতারের আগে বাসায় পৌঁছাতে হবে।পবিত্র রমজান মাসের প্রথম দিন গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে আগ্রাবাদের বাদামতলী মোড়ে দেখা গেছে এ চিত্র। ইপিজেড, চৌমুহনী মোড়, জিইসির মোড়, ২ নম্বর গেট, মুরাদপুরসহ বিভিন্ন বাসস্টপেজ ঘুরেও দেখা গেছে একই চিত্র। প্রচুর যাত্রী, কিন্তু বাস খুবই কম। আবার কাউন্টারের বাইরে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তুলতেও দেখা গেছে। আবার টিকিটের দামের চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা আনতে গত সপ্তাহ থেকে কাউন্টার বাসসার্ভিস চালু করা হয়। এ ব্যবস্থায় নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কিনে যাত্রীদের বাসে ওঠার কথা। কিন্তু এক সপ্তাহেও সেই ব্যবস্থা কার্যকর হয়নি। বরং কাউন্টার সার্ভিসের নামে যাত্রী ভোগান্তি আরও বেড়েছে। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমদ প্রথম আলোকে জানান, মালিকপক্ষের স্বার্থের দ্বন্দ্বের কারণে কাউন্টারভিত্তিক নতুন ব্যবস্থা কার্যকর করা যাচ্ছে না। যেকোনো রুটে প্রয়োজনের তুলনায় গাড়ি কম। ফলে যাত্রী ভোগান্তি কমছে না। আগ্রাবাদ বাদামতলী এলাকায় যাত্রী আবদুস সামাদ অভিযোগ করেন, ‘আধা ঘণ্টা অপেক্ষার পরও বাস না আসায় আমাদের টাকা ফেরত দেওয়া হয়েছে। বাস আসার পর আবার টিকিট কেটে বাসায় ফিরতে হবে।’ আরেক যাত্রী আবু জাফর ক্ষেপে গিয়ে বলেন, ‘এভাবে বাসে চড়ার মানে খেয়ালখুশিমতো যাত্রী তোলার প্রতিযোগিতা আর আমাদের ভোগান্তি।’ তবে কাউন্টারের কর্মচারীরা দাবি করছেন, যানজটে আটকা পড়ায় বাস আসতে সময় লাগছে।কাউন্টারে টিকিট বিক্রি করছে মেট্রো, সিটি বাস ওনার্স চট্টলা পরিবহন, মেট্রো স্পেশাল, মহানগর ও কালুরঘাট বাস মালিক সমিতি। মেট্রো স্পেশাল নতুন ব্রিজ এবং মহানগরের বাস চলছে সরাসরি কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত। বাকিদের গন্তব্য একই। বহদ্দারহাট থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত। ২ নম্বর গেট কাউন্টারে বেলা তিনটার দিকে যাত্রী নীলুফার জাহান বলেন, ‘টিকিট নিয়ে কোনো লাভ নেই। বাসের জন্য কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সকালে অফিসে যাওয়ার সময়ও একই সমস্যায় পড়েছি। ফেরার পথেও একই অবস্থা।’ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) বাসযাত্রী শরিফ হোসেন বলেন, ‘আগে ইপিজেড থেকে লালদীঘি গিয়েছি নয় টাকা দিয়ে। এখন ১৩ টাকা দিয়েও বাস পাচ্ছি না।’পুলিশ সূত্রে জানা গেছে, নগরে ২৩টি রুটে প্রায় দেড় হাজার বাস ও হিউম্যান হলার চলাচলের অনুমোদন রয়েছে। এর মধ্যে নতুন ব্রিজ থেকে এবং বহদ্দারহাট থেকে মুরাদপুর হয়ে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত পাঁচটি রুট রয়েছে। এই পাঁচটি রুটে সরকারি-বেসরকারি অফিস থাকায় যাত্রী বেশি। বাসমালিকেরা কৌশলে এই পাঁচটি রুটেই বাস কম দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নগরে বাসমালিকদের ছয়টি সংগঠন রয়েছে। এসব সংগঠনের নেতাদের সঙ্গে গতকাল একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হয়। তাঁরা কেউই কাউন্টার বাসসার্ভিস নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।