চট্টগ্রামে রসুনের দাম আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাজারে রসুনের দাম আরও এক দফা বেড়েছে। গত সপ্তাহেও যেখানে রসুন বিক্রি হয়েছে ১৩০-১৩৫ টাকা কেজি দরে, তা এখন বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা কেজিতে। রসুনের আমদানি ও সরবরাহ স্বাভাবিক না হওয়ায় এভাবে দামের হেরফের হচ্ছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার নগরের রিয়াজউদ্দিন বাজারের পাইকারি দোকানে চীন থেকে আমদানি করা রসুন ১৩৫-১৩৮ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। পেঁয়াজের দামের তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি। দুই ধরনের ভারতীয় পেঁয়াজের মধ্যে একটি ২২-২৪ টাকা এবং অন্যটি ২৪-২৫ টাকা কেজিতে বিক্রি হয়। এ ছাড়া দেশি পেঁয়াজের কেজি ছিল ১৮-২০ টাকা।গতকাল পাহাড়তলী ও চৌমুহনী কর্ণফুলী বাজারে আমদানি করা রসুন বিক্রি হয়েছে ১৪৫-১৫০ টাকা। দেশি পেঁয়াজ ২০-২৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ২৭-৩০ টাকা কেজি দরে বিক্রি হয়। কর্ণফুলী বাজারের ব্যবসায়ী আফসার উদ্দিন বলেন, ‘বেশি দামে কিনতে হয় বলে আমাদের কিছুটা বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। তা ছাড়া এর সঙ্গে আমাদের পরিবহনও খরচ যোগ করতে হয়।’ রসুনের আমদানি কমে যাওয়ায় সার্বিকভাবে দাম বেড়েছে বলেও দাবি করেন তিনি।