চট্টগ্রামে রাখাইনদের জলকেলি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পক্ষের মধ্যে ব্যবধান মাত্র কয়েক পা। মাঝে একটি বাঁশের প্রতিবন্ধকতা। ড্রাম থেকে জল নিয়ে এক পক্ষ অপর পক্ষের দিকে ছুড়ে মারছে। তরুণ দলের জল ছোড়ার জবাব ভালোভাবেই দিচ্ছিলেন তরুণীরা। এভাবে দুই দলই কাকভেজা। এই স্নানের নাম জলকেলি।
পুরোনো দিনের পাপ, কালিমা মোচন করে পুণ্যস্নানে নতুন বছরকে এভাবেই আবাহন করলেন রাখাইন তরুণ-তরুণীরা। চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহারে বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম এই বুদ্ধস্নান ও জলকেলি উৎসবের আয়োজন করে। রাখাইন নববর্ষ ১৩৭৬ বরণ করতে এই আয়োজন।
চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জলকেলি উৎসবে অংশগ্রহণ করেন। দুই দলের স্নান শেষে অপর দুটি দল এসে যোগ দেয় জলকেলিতে। এভাবে বিরামহীনভাবে চলে জলকেলি উৎসব।
উৎসবে অংশ নেওয়া তরুণ উ থেং মং বলেন, ‘পুরোনো বছরের সব জীর্ণতা মুছে নতুন বছরকে বরণ করতে আমরা এই উৎসবে শরিক হই। তারই অংশ হিসেবে বুদ্ধকে স্নান করানোর পাশাপাশি নিজেদের পাপ ও কালিমামুক্তি ঘটে এই জলকেলির মধ্য দিয়ে।’
এর আগে বেলা তিনটা থেকে বুদ্ধস্নানে অংশ নেন পুণ্যার্থীরা। পরে নবপণ্ডিত বিহারের মহাথের উপানন্দ মহাথের প্রার্থনা পরিচালনা করেন। সব ভক্ত প্রার্থনায় যোগ দেন। প্রার্থনা শেষে উৎসবের পটভূমি তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাখাইন বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মং হ্লা চিং, অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী বুমং রাখাইন, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের দেবপ্রিয় বড়ুয়া বক্তব্য দেন।
তাঁরা বলেন, ‘পুরোনো বছরের সব গ্লানি মুছে আমরা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত। জলকেলির মধ্য দিয়ে আমাদের নববর্ষ আবাহন। এতে করে আমাদের সব দুঃখ-কষ্ট জরাজীর্ণ ভুলে যাব।’