চট্টগ্রামে রাজপথ ছিল বিএনপি নেতা কর্মীদের দখলে
বন্দর নগর চট্টগ্রামে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর আর খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে গতকাল রোববার ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন পার করেছে ১৮-দলীয় জোট। গতকাল রাজপথ কার্যত বিএনপি নেতা-কর্মীদের দখলে ছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপি স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা।
চট্টগ্রাম নগর ও শহরতলীর বিভিন্ন মোড়ে গতকাল ভোর থেকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করে। রাস্তায় গাড়ি চলাচলও খুব কম ছিল। সকালের দিকে মেহেদীবাগের বাসা থেকে একটি মিছিল হয় আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে। সেটি জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। ওই সময় আরেকটি মিছিল নিয়ে জিইসি মোড়ে হাজির হন আবদুল্লাহ আল নোমান। এরপর নোমান নগরের প্রবেশপথ অলংকার মোড়ে যুবদলের আয়োজনে আরেকটি সমাবেশে যোগ দেন। বাকলিয়ায় আরেকটি মিছিলের নেতৃত্ব দেন শাহাদাৎ হোসেন। গতকাল ভোর থেকে বিএনপির নেতা-কর্মীরা নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে। দুপুর সোয়া ১২টার দিকে সার্কিট হাউসের সামনে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। ঘণ্টাখানেক পর আলমাসের সামনে ব্যাটারিচালিত রিকশা পুড়িয়ে দেয় পিকেটাররা। এ ছাড়া নগরের নিউমার্কেট, বহদ্দারহাট, ষোলশহরসহ বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর চলে।
এদিকে প্রথম দিনের হরতাল সফল করায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দলীয় নেতা-কর্মীদের অভিনন্দন জানান।
গতকাল সকালের দিকে চট্টগ্রাম আদালত ভবন চত্বরেও ১৮-দলীয় আইনজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে হরতালের সমর্থনে মিছিল হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক পিপি আবদুস সাত্তার।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাকসুর সাবেক এজিএস মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ আর ঘরে ফিরবে না।
এদিকে হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগ গতকাল বেলা ১১টার দিকে ওয়াসা মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দুপুরের পর যাত্রীবাহী কিছু গাড়ি নামতে শুরু করে। তবে রিকশা চলাচল স্বাভাবিক ছিল। নগরের বিপণিবিতানগুলো খোলেনি। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়নি। দূরপাল্লার কোনো গাড়ির চাকা ঘোরেনি। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, জরুরি রপ্তানি পণ্য জাহাজীকরণ করতে চাইলে নিরাপত্তা প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কনটেইনার ডিপো থেকে বন্দর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করবে।
ছাত্রদল নেতা গুলিবিদ্ধ: গতকাল ভোর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ছাড়া পারুয়া হাজানিহাট এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. হারুনসহ ১০ জন আহত হন।
অন্যদিকে মরিয়মনগর-রানীর হাট ডিসি সড়কের মোগলের হাট এলাকায় জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুলিশ পিকেটারদের পিছু হটাতে কমপক্ষে ১০টি, থানা সদর এলাকায় পিকেটারদের ধাওয়া করতে পাঁচটি ও বিভিন্ন এলাকায় আরও পাঁচটি গুলি ছুড়ে পুলিশ। থানা সদর এলাকায় পুলিশের ছোড়া গুলিতে ছাত্রদল নেতা মো. মঞ্জু আহত হন।