চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলার অভিযোগে করা মামলায় রাজস্ব কর্মকর্তা (ভ্যাট সুপার) মো. আমজাদ হাজারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
৭ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরের খুলশী থানার লালখান বাজারের বাঘগোনা এলাকার বাসিন্দা নুরুন্নাহার বেগম ৭ ডিসেম্বর আদালতে আগ্রাবাদ ভ্যাট কমিশনার কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা মো. আমজাদ হাজারীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় বাড়িতে হামলা করে মারধরের অভিযোগ আনা হয়। মামলায় আমজাদ হাজারী ছাড়াও তাঁর তিন সহযোগী ওয়াসিম (২৩), ইউনুছ ওরফে টাকমাথা ইউনুছ (৪৮) ও হানিফকে (২৬) আসামি করা হয়েছে। আদালত এই তিন ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করেছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা এখনো আমাদের হাতে পৌঁছায়নি। আদেশের কপি হাতে এলে আমরা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করব।’
নুরুন্নাহার বেগমের কৌঁসুলি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার মক্কেলের (নুরুন্নাহার বেগম) তিন শতক জায়গা দখলে নেওয়ার জন্য শুল্ক বিভাগের কর্মকর্তা আমজাদ হাজারী অনেক দিন ধরে চেষ্টা করছেন। জায়গা না ছাড়লে ২০ লাখ টাকা দিতে হবে বলে আমজাদ হাজারী হুমকি দেন। চাঁদা না পেয়ে ৫ ও ৬ ডিসেম্বর নুরুন্নাহার বেগমের বাড়িতে হামলা চালানো হয়। এতে নুরুন্নাহার ও তাঁর ছেলে আহত হন। এরপর ৭ ডিসেম্বর আমার মক্কেল মামলা করেন।’
অভিযোগ অস্বীকার করে রাজস্ব কর্মকর্তা আমজাদ হাজারী বলেন, ‘মামলার আরজিতে নুরুন্নাহার বেগমের বাসায় দুই দফা হামলার অভিযোগ করা হয়েছে। অথচ ওই সময় আমি অফিসে ছিলাম।’