চট্টগ্রামে কেব্ল অপারেটররা গতকাল শনিবার রাতে এক ঘণ্টার জন্য স্যাটেলাইট টিভি সম্প্রচার বন্ধ রাখেন। কেব্ল অপারেটর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ দুলালের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এর আগে বিকেলে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা স্যাটেলাইট টিভি সম্প্রচার বন্ধ রাখার ঘোষণা দেন। এ ছাড়া কাল সোমবার নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে তাঁরা সমাবেশের ডাক দিয়েছেন। সমাবেশ শেষে তাঁরা পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেবেন।সংবাদ সম্মেলনে দুলালের মা মোমেনা বেগম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁর ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। তিনি বলেন, ‘কেব্ল টিভি সংযোগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যা করেছে। নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় সন্ত্রাসীরা এই ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।’ গত বৃহস্পতিবার বিকেলে নগরের মুহুরীপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুলাল খুন হন। তিনি স্থানীয় একটি ফিড অপারেটরের ব্যবস্থাপক ছিলেন। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।গতকাল রাত আটটা থেকে নয়টা পর্যন্ত স্যাটেলাইট টিভি সম্প্রচার রাখা হয়। এ কারণে কোনো অনুষ্ঠান দেখতে পায়নি চট্টগ্রাম নগর ও শহরতলির দর্শকেরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কেব্ল অপারেটর আবুল হাসনাত মো. বেলাল। এ সময় নিহত দুলালের মা, বোন ও শতাধিক অপারেটর উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চট্টগ্রামে নতুন একটি কেব্ল অপারেটর প্রতিষ্ঠান চোরাই পথে আসা ডিটিএইচ বক্স (বিভিন্ন পে-চ্যানেল সম্প্রচারের জন্য ব্যবহূত যন্ত্র) ব্যবহার করে নগরের পাড়া-মহল্লায় কেব্ল সংযোগ দেওয়ার চেষ্টা করছে। এতে সরকারের রাজস্ব হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পেশিশক্তি ও রাজনৈতিক দাপট দেখিয়ে তাঁরা নগরে পুরোনো ফিড অপারেটরদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। এ কারণে কেব্ল অপারেটর ব্যবসায়ীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।