চট্টগ্রামে রানওয়ে থেকে ছিটকে গেল উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানওয়ে থেকে উড়োজাহাজ ছিটকে পড়ায় গতকাল বৃহস্পতিবার সোয়া তিন ঘণ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালন কার্যক্রম বন্ধ ছিল। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নৌবাহিনীর একটি উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। তবে এ দুর্ঘটনায় পাইলটের ক্ষতি হয়নি। রাত নয়টায় উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার পর বিমানবন্দর সচল হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবীর প্রথম আলোকে বলেন, উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে যাওয়ায় বিকেল ৫টা ৪৭ মিনিট থেকে সব ধরনের পরিচালন কার্যক্রম বন্ধ রাখা হয়। তিনি বলেন, রাত সাড়ে আটটার মধ্যে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি পার্কিংয়ে নিয়ে যাওয়া হয়। রাত নয়টার দিকে পরিচালন কার্যক্রম স্বাভাবিক হয়।
সোয়া তিন ঘণ্টা পরিচালন কার্যক্রম বন্ধ থাকায় সাতটি উড়োজাহাজের ওঠানামায় বিলম্ব হয় বলে জানায় বিমানবন্দরের ট্রাফিক বিভাগ। এর মধ্যে ওমানের মাসকটগামী ইউএস বাংলার একটি এবং রিজেন্টের একটি উড়োজাহাজের ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে উড্ডয়ন করার কথা ছিল। এই দুটি উড়োজাহাজ ঢাকা থেকে নির্ধারিত সময়ের বেশ পরে চট্টগ্রামে আসে। এ ছাড়া ইউএস বাংলার অভ্যন্তরীণ রুটের আরও দুটি ফ্লাইট ঢাকা থেকে দেরিতে চট্টগ্রামে আসে। একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকা থেকে দেরি করে চট্টগ্রামে আসে।
বিমানবন্দরের অভিবাসন পুলিশের বিশেষ সুপার (এসএস) মো. শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, উড়োজাহাজ ছিটকে পড়ার কারণে আন্তর্জাতিক রুটের এয়ার অ্যারাবিয়া চট্টগ্রামে না এসে ঢাকায় অবতরণ করে। এ ছাড়া বিমানের ঢাকা-চট্টগ্রাম-দোহা (কাতার) রুটের উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করতে না পেরে আবার ঢাকায় চলে যায়।