চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলার সাক্ষ্য গ্রহণ আবার পেছাল
চট্টগ্রামের সাত-কানিয়ার বায়তুল ইজ্জতে বিডিআর (বর্তমানে বিজিবি) প্রশিক্ষণকেন্দ্র ও স্কুলে বিদ্রোহের ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলার সাক্ষ্য গ্রহণ তৃতীয়বারের মতো পিছিয়েছে। গতকাল মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য ছিল। তবে প্রথম সাক্ষী হিসেবে মামলার বাদী অনুপস্থিত থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ অগস্ট সময় নির্ধারণ করেছেন। এর আগে গত ৩১ জানুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি দুই দফায় সাক্ষ্য গ্রহণ পেছানো হয়। এই মামলায় আসামির সংখ্যা দুজন। এ বিষয়ে চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার বাদীর সাক্ষ্য নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি না আসায় তা সম্ভব হয়নি।’ আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলার আসামিরা হলেন বায়তুল ইজ্জত ট্রেনিং স্কুলের সে সময়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ এবং উপসহকারী পরিচালক মো. নূরুন্নবী। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে সংহতি প্রকাশ করেছিল বায়তুল ইজ্জতের কিছু জওয়ান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ওই ঘটনায় ২০০৯ সালের মে মাসে সে সময়ের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদী হয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১০০ জন জওয়ানকে অভিযুক্ত করে আদালতে একটি নালিশি মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে এক জওয়ান পরে মারা যান। প্রসঙ্গত, মামলার দুই বছর পর ২০১১ সালের ৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৯৭ জন আসামির বিরুদ্ধে মামলায় আনা অভিযোগ প্রত্যাহারের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর আদালত ৯৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেন। বাকি দুজনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে।