চট্টগ্রামে রাসায়নিক কারখানায় আগুন, তিন শ্রমিক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার বেলা পৌনে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হচ্ছেন নূপুর চৌধুরী (৪০), বিদ্যুৎ বড়ুয়া (৩২) ও নিখিল দাশ (৪০)। এঁদের মধ্যে নূপুর চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর বিশু দাশ জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে রেজিম্যাক্স কেমিক্যাল ফ্যাক্টরি নামের কারখানাটিতে গতকাল সকালে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটো গাড়ি ঘটনাস্থলে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিস কর্মীরা তখন আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ প্রথম আলোকে জানান, আহতদের মধ্যে নূপুর চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) পাঠানোর প্রয়োজন পড়ে। কিন্তু চমেক হাসপাতালের বার্ন ইউনিটের আলাদা কোনো আইসিও না থাকায় কারখানা কর্তৃপক্ষ আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে নূপুর চৌধুরীর শরীরের শতভাগ, নিখিল দাশের ৬০ শতাংশ ও বিদ্যুৎ বড়ুয়ার ৫০ শতাংশ পুড়ে গেছে বলেও জানান মৃণাল কান্তি দাশ।
এদিকে নগরের গোসাইলডাঙ্গায় আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।