চট্টগ্রামে রাস্তা, অলিগলি ও বাড়ির আঙিনায় পশু জবাই
কোরবানির পশু জবাইয়ের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষ ৩৬০টি স্থান নির্ধারণ করে দিলেও সেখানে পশু জবাই করেননি বেশির ভাগ মানুষ। তাঁরা পশু জবাই করেছেন রাস্তা, অলিগলি ও বাড়ির আঙিনায়। এর ফলে আবর্জনা সংগ্রহ ও পরিচ্ছন্নতা কাজে বেগ পেতে হয়েছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের।
তারপরও বিভিন্ন স্থানের বেশির ভাগ বর্জ্য ঈদের দিন সন্ধ্যার মধ্যেই অপসারণ করা হয়েছে বলে সিটি করপোরেশনের দাবি। আর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা বর্জ্য রাত ১০টার মধ্যে সরিয়ে নেওয়া হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটি-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শৈবাল দাশ বলেন, ‘আমরা বর্জ্য অপসারণের জন্য চারটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মীদের একটা চাপে রেখেছিলাম। সন্ধ্যার মধ্যেই আমরা ৯৫ শতাংশ বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি। এরপর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ৫ শতাংশ বর্জ্য রাত ১০টার মধ্যে অপসারণ করা হয়।’ তিনি বলেন, নির্ধারিত স্থানে পশু জবাই হলে বর্জ্য অপসারণ অনেক সহজ হতো। সেটা না হওয়ায় অন্তত ৫০ হাজার স্থান থেকে বর্জ্য সংগ্রহ করতে হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতার সুবিধার্থে নগরের ৪১ ওয়ার্ডে ৩৬০টি পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দু-একটি ছাড়া সেসব স্থানে পশু জবাই কার্যত হয়নি।
এ বিষয়ে কাউন্সিলর শৈবাল দাশ বলেন, ‘এটা ধর্মীয় ব্যাপার। তাই আমরা বেশি চাপও দিতে পারছি না। মানুষ সচেতন হলে এটা সম্ভব হবে। তবে আমরা আশাবাদী আস্তে আস্তে ভবিষ্যতে এই প্রবণতা বাড়বে। এবার ১০ থেকে ২০ শতাংশ স্থানে কার্যকর হয়েছে বলে খবর পেয়েছি।’
২১ নম্বর জামালখান ওয়ার্ডে পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছিল সাতটি। কিন্তু লোকপ্রশাসন কেন্দ্র মাঠ, শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট মাঠ, ন্যাশনাল প্রাইমারি স্কুল মাঠসহ কোথাও পশু জবাই হতে দেখা যায়নি। এই ওয়ার্ডের শতদল ক্লাবের মাঠও পশু জবাইয়ের জন্য নির্ধারিত ছিল। মাঠে না হলেও মাঠের আশপাশের রাস্তায় পশু জবাই করা হয়েছে কয়েকটি।
একইভাবে উত্তর কাট্টলী ওয়ার্ডের ১১টি স্থানে পশু জবাইয়ের স্থান নির্ধারিত ছিল। সেখানকার কয়েকটি স্থান ঘুরে কোথাও পশু জবাইয়ের আলামত পাওয়া যায়নি। তবে ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের পূর্বনির্ধারিত স্থান ফিরিঙ্গি বাজার কসাইখানায় বেশ কিছু পশু জবাই করা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, মেহেদিবাগ রাস্তার ওপর দুই পাশে বিভিন্ন ভবনের সামনে পশু জবাই করা হয়েছে। এ ছাড়া শহীদ সাইফুদ্দিন সড়ক, পাঁচলাইশ উপসড়কসহ অন্যান্য সড়ক ও অলিগলিতেও পশু জবাই করতে দেখা গেছে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঈদের দিন বিকেল চারটার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী ৪১টি ওয়ার্ডকে চারটি অঞ্চলে ভাগ করে বর্জ্য অপসারণ চলে। মঙ্গলবার বিকেলে সরেজমিনে ঘুরে জামালখান, আসকারদিঘির পাড়, আন্দরকিল্লা, বাকলিয়া, চকবাজারে খুব বেশি বর্জ্য চোখে পড়েনি। তবে কোথাও কোথাও অলিগলি ও নালা-নর্দমায় বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার নগরের কোথাও কোরবানির বর্জ্য দেখা যায়নি।
সিটি করপোরেশন সূত্র জানায়, বর্জ্য অপসারণের জন্য দুই হাজার পরিচ্ছন্নতাকর্মী সকাল ১০টা থেকে নিয়োজিত ছিলেন। বর্জ্য পরিষ্কার করার জন্য ছয়টি পানির গাড়ি ও ২৫টি পানির ভ্যান ব্যবহার করা হয়। এ ছাড়া ১৮০টি গাড়ি ছিল।