চট্টগ্রামে রাস্তা ও স্ল্যাব হঠাৎ দেবে গেছে
চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় গতকাল বুধবার বিকেলে বিকট শব্দে রাস্তার কোথাও ফাটল, কোথাও দেবে গেছে। এ সময় দুজন সামান্য হন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার আশঙ্কায় ওই এলাকায় তিন ঘণ্টা গাড়ি ও পথচারীদের চলাচল বন্ধ রাখা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরিকা সড়কের মোড় থেকে হাক্কানী পেট্রলপাম্প পর্যন্ত প্রায় ৪০০ মিটার দীর্ঘ রাস্তার অংশবিশেষের কোথাও কোথাও ফাটল দেখা গেছে। রাস্তার মধ্যে থাকা স্ল্যাব উপড়ে গেছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, গ্যাসলাইন বিস্ফোরণ থেকে ওই ঘটনা ঘটেছে বলে তাৎক্ষণিকভাবে ধারণা করা হয়েছিল। এ কারণে রাস্তায় চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলীরা নিশ্চিত করেন, এ সড়কে তাঁদের কোনো গ্যাসলাইন নেই। নালায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, তিন ঘণ্টা বন্ধ রাখার পর রাস্তা জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক খোন্দকার মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ও স্থানীয়ভাবে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে লোকজন পাঠাই। কিন্তু সেখানে গ্যাসের কোনো লাইন নেই। নালায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণ থেকে রাস্তা দেবে যায়।’