চট্টগ্রামে রাস্তা দখল করে ২০ হাজার দোকান
ঈদ সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় ফুটপাত ও ফুটপাতের রাস্তা দখল করে নতুন প্রায় ২০ হাজার দোকান বসেছে। পুলিশ, সমিতি ও স্থানীয় মাস্তানদের চাঁদা দিয়ে এসব দোকান বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফুটপাতসহ রাস্তা দখল করে এভাবে দোকান বসানোয় ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগরে বেড়েছে যানজট।সরেজমিনে দেখা গেছে, নগরের নিউমার্কেট, স্টেশন রোড, বিআরটিসি, আগ্রাবাদ, বন্দরটিলা, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) এলাকা, নিমতল, অলংকার, দুই নম্বর গেট, বহদ্দারহাট, মুরাদপুর এলাকায় রাস্তা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান। নিউমার্কেট, ইপিজেডসহ কয়েকটি এলাকায় ত্রিপল টানিয়ে রাস্তা দখল করে বসেছে এসব দোকান। পুরোনো রেলওয়ে স্টেশন থেকে আমতলী পর্যন্ত এলাকায় রাস্তার দুপাশে বসেছে পাঁচ হাজার দোকান। এ ছাড়া আগ্রাবাদ এলাকায় প্রায় এক হাজার ৫০০, বন্দরটিলা ইপিজেড এলাকায় পাঁচ হাজার, ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ৭০০ দোকান গড়ে উঠেছে। এ ছাড়া বিআরটিসি, অলংকার মোড়, জিইসি মোড়সহ অন্যান্য এলাকায় বসেছে প্রায় আট হাজার দোকান।অভিযোগ পাওয়া গেছে, তিনটি সংগঠনের নেতৃত্বে ফুটপাতে এ ব্যবসা চলছে। এগুলো হচ্ছে, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতি, ফুটপাত হকার্স সমিতি ও হকার্স লীগ। তিনটিই আওয়ামী লীগ সমর্থক সংগঠন। এ তিনটি সমিতির বাইরে টেরিবাজার হকার্স সমিতি, বন্দর থানা হকার্স সমিতি, ভাসমান হকার্স সমিতি, চট্টগ্রাম সিটি হকার্স লীগ নামের সংগঠনও হকারদের কাছ থেকে টাকা তুলছে। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ফুটপাত থেকে পুলিশের টাকা নেওয়ার কোনো অভিযোগ আমার কাছে আসেনি। ঈদ উপলক্ষে কোনো কোনো জায়গায় রাস্তা দখল করে দোকান বসানো হয়েছে। এখন এদের তুলে দেওয়া কঠিন। ঈদের পর আমরা এসব তুলে দেব।’চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘ঈদ উপলক্ষে অন্তত ২০ হাজার দোকান বসেছে। আমরা রিয়াজউদ্দিন বাজার আমতলা থেকে জুবিলি রোড পর্যন্ত এলাকায় বসা হকারদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে রাখছি। এ টাকা হকারদের জন্য ব্যয় করা হয়। তিনি বলেন, পুরোনো স্টেশন ও বিআরটিসি, আগ্রাবাদ, দুই নম্বর এলাকার হকারদের কাছ থেকে দৈনিক পাঁচ টাকা করে আদায় করা হয়।’ সমিতির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, ‘সাবেক পুলিশ কমিশনার আকবর আলী খানের নির্দেশে আমরা ক্রেতাদের নিরাপত্তা, ছিনতাই, বিশৃঙ্খলা রোধে কমিউনিটি পুলিশ নিয়োগের ব্যবস্থা নিয়েছি। এ জন্য হকারদের কাছ থেকে কিছু চাঁদা নেওয়া হচ্ছে।’ গতকাল রোববার নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা যায় টুপি, ঘরগৃহস্থালির জিনিসপত্র নিয়ে সারি বেধে দাঁড়িয়ে আছে একদল হকার। পাশেই টহল পুলিশ। ভ্রাম্যমাণ দোকানি শফিক মিয়া জানান, ‘প্রতিদিন ৫-১০ টাকা করে দিয়ে আমরা এখানে থাকার অনুমতি পেয়েছি।’ কাকে টাকা দেন, জানতে চাইলে পুলিশের দিকে তাকিয়ে ইতস্তত করেন তিনি। নিউমার্কেট এলাকার দোকানিরা অভিযোগ করেন, পুলিশ ও সমিতির লোকজনের সঙ্গে স্থানীয় সিটি কলেজের কিছু নেতাকেও টাকা দিতে হচ্ছে। সমিতিকে তাঁরা প্রতিদিন ২০ টাকা করে দেন। অন্যদের দিতে হয় ২০ টাকা করে।ফুটপাত হকার্স সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম পুলিশ, ছাত্রসংগঠনের নেতাদের টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তিনটি সংগঠন হলেও আমাদের সবার লক্ষ্য এক।