চট্টগ্রাম নগরে আজ সোমবার থেকে রাস্তায় চলাচলকারী কোনো সিএনজিচালিত অটোরিকশা রিকুইজিশন করবে না পুলিশ। এর বদলে নগরের ১২টি থানার চাহিদামতো দিনে অন্তত ৮০টি অটোরিকশা সরবরাহ করবে তিনটি মালিক সমিতি। এসব অটোরিকশা পুলিশের টহল এবং অন্যান্য কাজে সর্বোচ্চ ১২ ঘণ্টা ব্যবহূত হবে। এ সময় অটোরিকশার জ্বালানি ও চালকের খাওয়া-দাওয়ার খরচ পুলিশই বহন করবে।সিএনজিচালিত অটোরিকশা মালিকদের তিনটি সংগঠনের নেতাদের সঙ্গে নগর পুলিশের ট্রাফিক বিভাগের সাতটি আনুষ্ঠানিক বৈঠকের পর এ ব্যাপারে সমঝোতা হয়। তিন সমিতির মধ্যে আছে চট্টগ্রাম অটোরিকশা, অটো টেম্পো ও ফোর স্ট্রোক মালিক সমিতি, চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক সমিতি এবং চট্টগ্রাম মহানগরী অটোরিকশা ও সিএনজি মালিক সমিতি। জানা গেছে, এ তিনটি সংগঠনের নেতাদের সঙ্গে নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনারের (ডিসি-ট্রাফিক) সর্বশেষ বৈঠক হয় ১৬ ফেব্রুয়ারি। এ বৈঠকে ১ মার্চ থেকে পুলিশের রিকুইজিশন বন্ধ এবং মালিকেরা স্বেচ্ছায় গাড়ি দিতে সম্মত হন।ডিসি-ট্রাফিক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ রাস্তায় চলাচলকারী অটোরিকশা যখন-তখন দাঁড় করিয়ে রিকুইজিশনের নামে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়ার পর আমরা মালিক সমিতিগুলোর নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করি। এসব বৈঠকে দীর্ঘ আলোচনা, তর্ক-বিতর্কের পর উভয় পক্ষ সম্মত হয়, এখন থেকে থানার পুলিশ আর কোনো অটোরিকশা রিকুইজিশন করবে না। থানা তাদের চাহিদা অনুযায়ী আগেই অটোরিকশার জন্য ট্রাফিক বিভাগকে জানাবে। ট্রাফিক বিভাগ মালিক সমিতিগুলোকে জানিয়ে অটোরিকশার ব্যবস্থা করবে। মালিকেরা প্রতিদিন অন্তত ৮০টি অটোরিকশা সরবরাহ করতে সম্মত হয়েছে।১ জানুয়ারি থেকে চট্টগ্রামের পুলিশ রাস্তা থেকে মাইক্রোবাস রিকুইজিশন বন্ধ করে দিয়ে মালিকদের সঙ্গে একই ধরনের সমঝোতা করে। ইতিমধ্যে টেম্পো মালিকদের সঙ্গেও পুলিশের একই ধরনের সমঝোতা হয়েছে। ফলে চট্টগ্রামের পুলিশ এখন কোনো ধরনের গাড়ি আর রাস্তা থেকে রিকুইজিশন করবে না।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের ১২টি থানার পুলিশ, র্যাব ও প্রশাসনের কাজে সরকারি যানবাহনের পাশাপাশি অতিরিক্ত দিনে ১৩০-১৩৫টি বিভিন্ন ধরনের যানবাহনের দরকার হয়। এর মধ্যে ৮০টি সিএনজিচালিত অটোরিকশা, ২০-২৫টি মাইক্রোবাস, ২৫-৩০টি টেম্পো প্রতিদিন দরকার। অভিযোগ রয়েছে, প্রয়োজন না থাকলেও পুলিশ বিভিন্ন সময় দিনে ২০০-৩০০ পর্যন্ত অটোরিকশা, মাইক্রোবাস এবং টেম্পো আটক করত। কিছু যানবাহন থেকে টাকা নিয়ে প্রয়োজনের অতিরিক্ত গাড়ি পুলিশ ছেড়ে দিত। আবার রিকুইজিশনের দায়িত্বে থাকা কিছু পুলিশ পারিবারিক প্রয়োজন এবং স্ত্রী-সন্তানের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি আটক করতেন।