চট্টগ্রামে রিহ্যাবের সাইকেল শোভাযাত্রা

চট্টগ্রাম নগরে গতকাল মঙ্গলবার সকালে সাইকেল শোভাযাত্রা করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির ২৫ বছর পূর্তি ও আবাসন মেলা উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
সকালে এম এ আজিজ স্টেডিয়াম মোড়ে সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক। এতে শতাধিক সাইক্লিস্ট অংশ নেন। শোভাযাত্রাটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আজ বুধবার থেকে শুরু হওয়া আবাসন মেলার লিফলেট বিতরণ করা হয়।
শোভাযাত্রায় আরও অংশ নেন রিহ্যাবের সহসভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী, পরিচালক শাকিল কামাল চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুক ও দিদারুল হক চৌধুরী, প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির আহ্বায়ক এ এস এম আবদুল গাফফার মিয়াজী।
আয়োজকেরা চট্টগ্রামবাসীকে রিহ্যাবের রজতজয়ন্তীর শুভেচ্ছা বার্তা এবং আজ থেকে শুরু চার দিনব্যাপী আবাসন মেলা থেকে নিজেদের পছন্দের ফ্ল্যাট খুঁজে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
নগরের র্যাডিসন ব্লু হোটেলে আজ সকালে মেলা উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বেলা দুইটা থেকে মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এরপর শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।