চট্টগ্রামে রুপি জব্দের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার থেকে প্রায় পৌনে ৩ কোটি ভারতীয় রুপি জব্দ করার ঘটনায় মামলা হয়েছে। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার বন্দর থানায় এই মামলা করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্লাশ ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আবু শাহাদাৎ মোহাম্মদ সায়েম ওরফে শামীম, ব্যবস্থাপনা পরিচালক আসাদ উল্লাহ, ব্যবসায়িক অংশীদার আহাম্মদ উল্লাহ তালুকদার ও মো. ছাবের এবং পণ্যের চালানের আমদানিকারক শাহেদুজ্জামান ও তাঁর ভাই তোহিদুল আলম।
পুলিশ জানায়, আসামিদের মধ্যে শাহেদুজ্জামান ছাড়া অন্যদের গত সোমবার আটক করা হয়। তাঁকে (শাহেদুজ্জামান) গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। তিনি জানান, পাঁচ আসামিকে গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত সোমবার বন্দর চত্বরে একটি কনটেইনার খুলে ২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ব্যক্তিগত ব্যবহারের পণ্য ঘোষণা দিয়ে দুবাই থেকে ১৬৫ কার্টন পণ্য আনেন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহেদুজ্জামান। এর মধ্যে চারটি কার্টন থেকে এসব ভারতীয় রুপি জব্দ করা হয়।
এই ঘটনা খতিয়ে দেখতে গতকাল অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসেইন আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, কমিটিকে ২৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।