চট্টগ্রামে রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা
পবিত্র রমজান আসছে। এক মাসের সিয়াম সাধনার পর আসবে ঈদ। সেই উৎসব সামনে রেখে এখনই যেন প্রস্তুত হচ্ছে বাঙালি। আর ঈদের উৎসব বাঙালির মনে ও মগজে যেমন আনন্দের আলোকচ্ছটা ছড়ায়, তেমনি পরিবর্তন এনে দেয় তার পোশাক-আশাকে। নিত্যনতুন সেই পোশাকের আগাম বার্তা জানাতেই যেন গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হাজির হয়েছিলেন ফ্যাশনপ্রিয় কিছু মানুষ। আর রেমন্ড-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা তাদের এবারের ঈদের স্টাইল ও ফ্যাশন সম্পর্কে নতুন ধারণাই যেন জানিয়ে দিয়েছে।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঈদ ফ্যাশন প্রতিযোগিতার আসর বসে। প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা ‘আলোকিত চট্টগ্রাম’-এর এই প্রতিযোগিতাটি এবার পা রাখল দ্বাদশ বর্ষে। নৃত্য, গান আর কথামালার ফাঁকে ফাঁকে ফ্যাশন কিউ যেন পুরো মিলনায়তনকে আবিষ্ট করে রাখে মোহময় আবেশে। ফ্যাশনের এই প্রতিযোগিতায় জয়ের মালা পরেছেন ১৩টি বিভাগের সেরা ডিজাইনাররা।বাবুল জলদাসের ঢোল বাদনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চারী ও প্রাপন একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। শিল্পী নিশিতা বড়ুয়া শুরু করেন তাঁর ‘বন্ধু তোমায় মনে পড়ে’ গানটি দিয়ে। এরপর ‘যাও পাখি বলো তারে’, ‘দিন বাড়ি যায়’ ইত্যাদি গানে মুগ্ধ করেন দর্শকদের।এরপর মঞ্চ মাতান শিল্পী সন্দীপন। ‘যেতে যেতে পথে হলো দেরি’ সেই বিখ্যাত পুরোনো গান দিয়ে তিনি শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর তিনি চট্টগ্রামের কয়েকটি আঞ্চলিক গান পরিবেশন করেন।বক্তাদের কথায়ও ছিল ঈদ এবং দেশি পোশাকের জয়গান। তারা দেশীয় পোশাক পরতে সবার প্রতি আহ্বান জানান। অভিনেত্রী অপি করিম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, আবাসিক সম্পাদক আবুল মোমেন, স্পনসর প্রতিষ্ঠান রেমন্ডের পক্ষে তামান্না গুলশান অনুষ্ঠানে বক্তৃতা করেন। কবি কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দেশ টিভি।প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ও উপভোগ্য ছিল শিশুদের পোশাক প্রদর্শনী। হেলেদুলে সাত শিশু যখন মঞ্চে ঘুরতে লাগল নতুন জামাকাপড় গায়ে, তখন দর্শকদের করতালিতে মুখর পুরো মিলনায়তন। প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ নেওয়াজ, রওশন আরা চৌধুরী, নূরে জান্নাত ও শিমুল খালেদ।