চট্টগ্রামে রেল কর্মকর্তা খুনের ঘটনায় চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রেলওয়ের বাজেট কর্মকর্তা আবদুল হাই মজুমদার খুনের ঘটনায় পুলিশ গত মঙ্গলবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ছোরা, ওই কর্মকর্তার মানিব্যাগ ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রেল কর্মকর্তা খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চারজনই ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোহাম্মদ মুসা (৩৪), মোহাম্মদ সেলিম ওরফে বাইশ আঙুল সেলিম (৩৮), মোহাম্মদ ফারুক (২২) ও মো. শাহ আলম (২৮)। এদের মধ্যে মোহাম্মদ মুসা দুটি ছিনতাই মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। গত রোববার রাতে আবদুল হাই মজুমদার চট্টগ্রাম পুরোনো স্টেশন থেকে রিকশায় কদমতলীসংলগ্ন রেলওয়ে অফিসার্স মেসের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীরা রিকশা থামিয়ে তাঁকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পুলিশ জানায়, মঙ্গলবার নগরের টাইগারপাস থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত ছোরাসহ মুসা ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই রাতে নগর থেকে গ্রেপ্তার করা হয় ফারুক ও শাহ আলমকে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন জানান, শাহ আলম ও মুসাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।