চট্টগ্রামে রেল কর্মকর্তা হত্যার ঘটনায় দুজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের বাজেট কর্মকর্তা আবদুল হাই মজুমদার হত্যার ঘটনায় দুই আসামি গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম আজিজুল হকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আরেক হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী।আদালত সূত্র জানায়, আবদুল হাই হত্যার ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ সেলিম ওরফে বাইশ আঙুল সেলিম ও মোহাম্মদ ফারুক আদালতে ওই হত্যার ঘটনার বর্ণনা দেন। জবানবন্দিতে তাঁরা জানান, এ ঘটনায় তাঁরা চারজন জড়িত ছিলেন। মূলত ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁরা রেল কর্মকর্তার রিকশার গতিরোধ করেন। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে মালামাল নিয়ে তাঁরা পালিয়ে যান।প্রসঙ্গত, গত রোববার রাতে চট্টগ্রাম স্টেশন থেকে আবদুল হাই রিকশায় করে কদমতলীসংলগ্ন রেলওয়ে অফিসার্স মেসের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ‘রেল কর্মকর্তা আবদুল হাইয়ের হত্যাকাণ্ডে চারজন জড়িত ছিলেন, যাঁদের সবাই গ্রেপ্তার হয়েছেন। সেলিম ও ফারুক হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। অন্য দুই আসামি শাহ আলম ও মোহাম্মদ মুসাকে আমরা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব।’