চট্টগ্রামে রেল কলোনির তিন বাসায় ডাকাতি
চট্টগ্রাম নগরের পাহাড়তলী সেগুনবাগান এলাকায় বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা কলোনির তিনটি বাসায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। মুখোশপরা ডাকাতেরা তিনটি বাসা থেকে ১৩ ভরি স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোনসেটসহ ছয় লাখ টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় ওই এলাকার এক নিরাপত্তা প্রহরীকে আটক করা হয়েছে।জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ডাকাতেরা প্রথমে রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক কার্যালয়ের প্রধান সহকারী তৈয়ব উল্লার এসআর/৪-ডি নম্বরের বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তিনি ডাকাত-ডাকাত বলে চীৎকার করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে আহত করে। ডাকাতেরা ঘরের বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি মোবাইল ফোনসেট, পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে।এরপর ডাকাতেরা ওই ভবনের নিচতলার দুই বাসা (এসআর-৪/এ এবং এসআর-৪/বি) থেকে আট ভরি স্বর্ণালংকার, সাতটি মোবাইল ফোনসেট, নগদ ৩৯ হাজার টাকা লুট করে। আহত তৈয়ব হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।রেলওয়ে সূত্র জানায়, এসআর-৪/বি বাসাটি বরাদ্দ ছিল রেলের উপসহকারী প্রকৌশলী মাহমুদুর রহমানের নামে। কিন্তু তিনি এই বাসায় থাকতেন না। তাঁর বোন, বোনের ছেলে ইমরান হোসেনসহ অন্যরা এই বাসায় থাকেন। ডাকাতেরা বাসা থেকে নগদ ২৫ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোনসেট নিয়ে যায়।মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার ভগ্নিপতি বিদেশে থাকায় আমি এই বাসায় তাদের থাকতে দিয়েছি। ডাকাতদের বেশির ভাগই মুখোশপরা ছিল বলে আমি জেনেছি।’নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম জানান, ‘পেশাদার ডাকাতেরা এই কাজটি করেছে বলে মনে হচ্ছে। আমরা তাদের ধরার চেষ্টা চালাচ্ছি।’ডাকাতির ঘটনায় তৈয়ব উল্লাহর ছেলে মো. ইমাম হাছান বাদী হয়ে গতকাল শুক্রবার খুলশী থানায় একটি নিয়মিত মামলা করেন। তবে গতকাল রাত পর্যন্ত লুণ্ঠিত মালামাল উদ্ধার কিংবা কাউকে গ্রেপ্তার করা যায়নি।