চট্টগ্রামে রেলওয়ে কলোনির ১০০ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে স্টেশন কলোনিতে উচ্ছেদ অভিযান চালিয়ে গতকাল রোববার প্রায় ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানের একপর্যায়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি ঘর পুড়ে যায়।
এর আগে গত ৭ আগস্ট এই কলোনিতে অভিযান চালিয়ে ২০০টি ঘর উচ্ছেদ করা হয়েছিল। বটতলী রেলস্টেশনের সঙ্গে লাগোয়া এই কলোনিটিকে এখানকার বাসিন্দারা ছিন্নমূল বাস্তুহারা কলোনি নাম দিয়ে সাইনবোর্ড লাগিয়েছে।
গতকালের অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। তিনি বলেন, সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত অভিযান চালিয়ে ১০০টি দোকান ও ঘর উচ্ছেদ করা হয়েছে। এগুলো রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছিল। পৌনে এক একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।
ইশরাত রেজা বলেন, অভিযানের একপর্যায়ে বেলা দুইটার পর অবৈধ একটি ঘরে আগুন লেগে যায়। এরপর অভিযান ওই পর্যন্ত অসমাপ্ত রেখে তাঁরা চলে এসেছেন। আজ সোমবার আবার অভিযান চালানো হবে।