চট্টগ্রামে রেলওয়ের কাজ ভাগাভাগি!
চট্টগ্রামে রেলওয়ের পাঁচটি কাজ যুবলীগের নামধারী ব্যক্তিরা ভাগাভাগি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ২৩ লাখ টাকা মূল্যের ওই পাঁচটি কাজের একটি নেন যুবলীগের কর্মী মো. তালিম। বাকি চারটি কাজ তিনি অন্য ঠিকাদারদের মধ্যে ভাগাভাগি করে দেন।সূত্র জানায়, কাজ ভাগাভাগির সময় যুবলীগের কর্মী মো. তালিমের সঙ্গে ছিলেন আবু সুফিয়ান, মো. ইদ্রিস, মোস্তফা, জাবেদ, পিন্টু, আকবর ও রবি। তাঁরা নিজেদের যুবলীগের নেতা দাবি করলেও নগর কিংবা ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটির সঙ্গে তাঁরা সম্পৃক্ত নন বলে সংগঠন সূত্র জানায়।রেলওয়ে সূত্র জানায়, যুবলীগের নামধারী ব্যক্তিরা কাজগুলো ভাগাভাগি করে দেওয়ায় অন্য কোনো ঠিকাদার দরপত্র জমা দেননি। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।ঠিকাদারেরা জানান, পাঁচটি দরপত্রই প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৫ শতাংশ বেশিতে জমা দেওয়া হয়েছে।ভাগবাটোয়ারা প্রসঙ্গে মো. তালিম প্রথম আলোকে বলেন, ‘সবাই মিলে আমাকে ধরেছেন, তাই ঠিকাদারদের মধ্যে সেগুলো ভাগ করে দিয়েছি। আমি নিজেও একটি কাজ নিয়েছি।’ তিনি বলেন, ‘পার্টি ক্ষমতায় বলে কর্মীরা কিছু প্রত্যাশা করেন। তবে সরকার ক্ষতিগ্রস্ত হয়, এমন কিছু আমরা করিনি।’এ প্রসঙ্গে রেলওয়ের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাইরে কে কী করেছে, তা আমি জানি না। ভেতরে কোনো সমস্যা হয়নি।’ তিনি বলেন, ‘আমি তো আর বাক্স ছেড়ে কোথাও যেতে পারি না।’জানা যায়, পাঁচটি কাজের মধ্যে একটি বৈদ্যুতিক মিটার সরবরাহের কাজ। অন্যগুলো হলো বিদ্যুতের লাইন সংস্কারের কাজ।