চট্টগ্রামে রেলওয়ের দরপত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় আরেক মামলা
রেলওয়ের দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষের ঘটনায় নিহত সাজু পালিতের পরিবারের পক্ষ থেকে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সাজুর মা মিনতি পালিত বাদী হয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।মামলায় চারজনকে আসামি করা হয়েছে। এক নম্বর আসামি করা হয়েছে অজিত বিশ্বাস নামের একজনকে। এ ঘটনায় এর আগে কোতোয়ালি থানায় হওয়া মামলার সঙ্গে মিনতির মামলাটির এজাহার সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।গত ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের দরপত্র নিয়ে যুবলীগের হেলাল আকবর চৌধুরী বাবর ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম ওরফে লিমনের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের গুলিবিনিময়ে সাজুসহ দুজন নিহত হন। নিহত অপরজন হলো শিশু আরমান। এ ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।