আইস ফ্যাক্টরি রোড এলাকায় অভিযান, সড়ক অবরোধ, প্রতিবাদে গাড়ি ভাঙচুর
চট্টগ্রামে রেলওয়ের দুই একর ভূমি উদ্ধার
চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকায় ছিন্নমূল বাস্তুহারা কলোনির ২০০ ঘর উচ্ছেদ করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান চলার সময় দুপুরে কলোনির বাসিন্দারা সাতটি ট্রাক ও পিকআপ ভাঙচুর করে। একই সময়ে আইস ফ্যাক্টরি রোড প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। তিনি বলেন, দিনভর পরিচালনা করা এই অভিযানে রেলওয়ের দুই একর ভূমি উদ্ধার করা হয়েছে।
ছিন্নমূল বাস্তুহারা কলোনির বাসিন্দাদের অভিযোগ, আগাম নোটিশ না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে। আইস ফ্যাক্টরি রোডের পাশে রেলওয়ের জমিতে কাঁচা ও আধা পাকা ঘর তুলে দীর্ঘদিন ধরে বসবাস করছে ছিন্নমূল মানুষ। তাদের বেশির ভাগই চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছে। কলোনির বাসিন্দা আলতাফ হোসেন (৫০) বলেন, ‘আমি ৪০ বছর ধরে কলোনিতে আছি। যে যতটুকু দখল করতে পেরেছে, ততটুকুতে ঘর তৈরি করে থাকে। অনেকে ভাড়া দিয়েছে। এখন আমাদের কিছু না জানিয়ে উচ্ছেদ করে দিচ্ছে। আমরা জিনিসপত্র বের করতে পারিনি।’
আমির হোসেন (৩৫) নামের এক রিকশাচালক বলেন, ‘আমাদের ঘর ভেঙে দিচ্ছে। আমি জন্ম থেকে এখানে আছি। কোনো উচ্ছেদ নোটিশ দেয়নি।’
কলোনির বাসিন্দাদের করা অভিযোগের বিষয়ে ইশরাত রেজা বলেন, আগেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া গত শুক্র ও শনিবার ওই এলাকায় মাইকিং করা হয়। তাঁদের অভিযোগের কোনো ভিত্তি নেই।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, বুলডোজারের পাশাপাশি হাতুড়ি ও শাবল দিয়ে ১৫-২০ জন শ্রমিক অবৈধ স্থাপনা ভাঙছেন। উচ্ছেদ অভিযান শুরু করার পর কয়েকটি ঘরের বাসিন্দারা আসবাব বের করতে তোড়জোড় শুরু করে। এ সময় অনেককে টেবিল, টেলিভিশন, খাট বের করতে দেখা যায়। এসব আসবাব এনে আইস ফ্যাক্টরি রোডের দুই পাশে রাখে তারা। এ সময় অনেকে উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানায়। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে কলোনির বাসিন্দারা আইস ফ্যাক্টরি রোডে অবরোধ সৃষ্টি করে। এ সময় ক্ষুব্ধ লোকজন যানবাহন ভাঙচুর করে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকার ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের তৎপরতার কারণে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয় লোকজন।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ‘সড়কের দুই পাশে আসবাব রাখার কারণে সড়কটি বন্ধ হয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা দু-একটি গাড়ি ভাঙচুর করে। ঘণ্টা খানেক পর আমরা সড়ক সচল করে দিই।’
এই কলোনিতে আগেও একবার উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরে আবার বসতি গড়ে ওঠে। এ বিষয়ে ইশরাত রেজা বলেন, ভূসম্পত্তি বিভাগের দায়িত্ব উচ্ছেদ করে জমির দখল নেওয়া। রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেলওয়ে প্রকৌশল বিভাগের। উচ্ছেদের বিষয়টি তাদের জানানো হয়েছে।
গতকালের অভিযানে রেলওয়ে ও নগর পুলিশের সদস্যদের পাশাপাশি রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।