চট্টগ্রামে রেলওয়ের বাংলোয় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রেলওয়ের বাংলোয় ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গ্রেপ্তার হওয়া এ দুজন হলেন মোহাম্মদ মানিক (২২) ও আবুল হোসেন (২৭)।সিআরবি এলাকার ১ নম্বর বাংলো থেকে গত ১৮ মে রাতে ডাকাতেরা দুই লাখ টাকাসহ প্রায় পৌনে চার লাখ টাকার মালামাল লুটে নেয়। ওই ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পথ) এস এম লিয়াকত আলী কোতোয়ালি থানায় মামলা করেন।পুলিশ জানায়, বুধবার নিউমার্কেট মোড় থেকে মোহাম্মদ মানিককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে সহযোগী কয়েকজন ডাকাতের নাম জানায়। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের মধ্যে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ খুলশী থানার আমবাগান ঝরনারপাড়ে রেলওয়ের ২ নম্বর ওয়ার্কশপের সীমানাপ্রাচীরের কাছে মাটি খুঁড়ে শটগানের আটটি কার্তুজ ও চারটি ককটেল উদ্ধার করে।কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ মহসীন বলেন, ‘কার্তুজ ও ককটেল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছে।’