চট্টগ্রামে রেলকলোনির তিন বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলির রেলওয়ে অফিসার্স কলোনির কয়েকটি বাসায় ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার অভিযান চালিয়ে পুলিশ লুণ্ঠিত সোয়া চার ভরি স্বর্ণালংকারও উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. শফিকুল আলম ওরফে শফি (৩২) ডাকাত সর্দার বলে পুলিশ সূত্র জানিয়েছে। শফি নিজেকে চট্টগ্রামের একজন মন্ত্রী ও ঢাকার এক বিচারকের আত্মীয় বলে দাবি করেন।গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন, নুরুল ইসলাম ওরফে মিরন (৩২), মো. মহসীন (২৪), লুণ্ঠিত মালামালের ক্রেতা জুয়েলারি ব্যবসায়ী সুমন ধর (২৪) ও মুঠোফোনের কারিগর সোহেল (২২)। শফি টানা পাঁচ বছর কারাভোগের পর সাত মাস আগে ও মিরন ১৫ মাস কারাভোগের পর দেড় মাস আগে জামিনে মুক্তি পান। জানা গেছে, চট্টগ্রাম মহানগর আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সাত্তারের বাসায় ডাকাতির মামলায় শফি আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাও আছে। মিরন হত্যা ও ডাকাতি এবং মহসীন ডাকাতি মামলার আসামি। ১৩ জানুয়ারি খুলশি থানার ইমাম হোসেনের রেলওয়ে অফিসার্স কলোনির বাসাসহ তিনটি বাসায় ঢুকে ডাকাত দল ছয় লাখেরও বেশি টাকার মালামাল লুট করে। এ ঘটনায় পরদিন খুলশি থানায় একটি ডাকাতির মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে গোয়েন্দা পুলিশ ঘটনাটি উদ্ঘাটন ও ডাকাতদের গ্রেপ্তার করে। চট্টগ্রাম নগরের বন্দর অঞ্চলের গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, জামিনে বেরিয়ে ডাকাতেরা আবার বেপরোয়া হয়ে উঠেছে। তাঁরা অপরাধীদের সংগঠিত করে নগরের বাসাবাড়িতে ডাকাতি করছে। শফি গতকাল গোয়েন্দা পুলিশ কার্যালয়ে চট্টগ্রামের একজন মন্ত্রীর নাম উল্লেখ করে দাবি করেন, ‘উনি আমার আত্মীয়। ঢাকায় কর্মরত এক বিচারকও আমার আত্মীয়।’ পাহাড়তলির তিনটি বাসায় ডাকাতির নেতৃত্ব দেওয়ার কথা তিনি স্বীকার করেন। শফি বলেন, ‘পিপি সাত্তারের বাসায় ডাকাতির মামলায় আমি টানা পাঁচ বছর কারাভোগ করেছি।’